অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারাল ৫ আফগান, নিখোঁজ ১৪

ওই দলটি হেলমান্দ ও নিমরোজ প্রদেশের দুর্গম মরু পথ দিয়ে প্রতিবেশী দেশ ইরানে ঢোকার চেষ্টা করছিল। মোট ১৯ জনের ওই দলের মধ্যে বাকি ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আফগানিস্তান থেকে অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করতে গিয়ে মরুভূমির তীব্র গরম ও তৃষ্ণায় ৫ জন আগফানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দক্ষিণ-পশ্চিমের নিমরোজ প্রদেশের দুর্গম মরুভূমি থেকে আফগান নিরাপত্তা বাহিনী তাদের মরদেহ উদ্ধার করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু রোববার (১৯ জুলাই) এই তথ্য জানিয়েছে।

নিমরোজের পুলিশ মুখপাত্র গুল মোহাম্মদ কুদরাত স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে জানান, ওই দলটি হেলমান্দ ও নিমরোজ প্রদেশের দুর্গম মরু পথ দিয়ে প্রতিবেশী দেশ ইরানে ঢোকার চেষ্টা করছিল। মোট ১৯ জনের ওই দলের মধ্যে বাকি ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

রুটি-রুজির তালাশে প্রতি বছরই বহু আফগান তরুণ এভাবে অবৈধ পথে ইরানে ঢোকার চেষ্টা করেন। এর আগে গত বছরও তীব্র ঠান্ডায় জমে গিয়ে কয়েকজন আফগান অভিবাসনপ্রত্যাশীর প্রাণ হারিয়েছিলেন।