ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিত জানান, রোববার (২ আগস্ট) সকালে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসারের উদ্দেশে ফেরিটি ছেড়ে যাওয়ার সময় এতে ২৩৬ জন আরোহী ছিলেন। সোমবার পর্যন্ত ২২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে কর্মকর্তাদের তথ্য ভিন্ন হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
সোমবার কোম্পাস টিভিকে তিনি জানান, পাঁচটি লাশ এবং ২২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নানাং সিগিত বলেন, ‘হিসাব অনুযায়ী এখনো মাত্র দু’জনকে উদ্ধার করা বাকি। আমরা জাহাজের মালিকপক্ষের কাছ থেকে তথ্যটি নিশ্চিত করছি।’
অন্যদিকে পূর্ব জাভা পুলিশের এক কর্মকর্তা জানান, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন।
বেঁচে ফেরা যাত্রীরা জানায়, রোববার সকালে নাশতার সময় ফেরির পেছনের অংশে আগুন লাগার আগে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের লাইফ জ্যাকেট দেয়া হয় এবং অনেকে প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন।
উদ্ধার হওয়া এক যাত্রী জানান, প্রায় সাত ঘণ্টা সাগরে ভেসে থাকার পর তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা প্রায়ই ঘটে।
সূত্র: বাসস



