ফিলিপাইনের মধ্যাঞ্চলের সামার দ্বীপে সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে। এটি উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় নয় কিলোমিটার দূরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পটি ছিল প্রবল ও আকস্মিক। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘পুলিশ স্টেশনে আমাদের ছাদের সাথে যুক্ত একটি বিম ভেঙে গেছে। কিছু আসবাবপত্র নড়তে দেখেছি।’
তিনি আরো জানান, আফটারশকের আশঙ্কায় তিনি ও তার সহকর্মীরা এখন বাইরে অবস্থান করছেন।
গত অক্টোবর মাসে পূর্ব মিন্ডানাও দ্বীপে ৭ দশমিক ৪ ও ৬ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্পে কমপক্ষে আটজন প্রাণ হারান। এর আগে, কয়েকদিনের ব্যবধানে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জন নিহত হন।
সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশে ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: বাসস



