পারমাণবিক সহযোগিতা জোরদারে রাশিয়া–ইরান বৈঠক

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-মহাপরিচালক নিকোলাই স্পাস্কি এবং রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি অংশ নেন। আলোচনায় ইরানের পরমাণু শক্তি সংস্থা ও রোসাটমের মধ্যে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা পর্যালোচনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই স্পাস্কি ও রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই স্পাস্কি ও রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি |সংগৃহীত

পারমাণবিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে নতুন করে আলোচনা করেছে ইরান ও রাশিয়া। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-মহাপরিচালক নিকোলাই স্পাস্কি এবং রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি অংশ নেন। আলোচনায় ইরানের পরমাণু শক্তি সংস্থা ও রোসাটমের মধ্যে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা পর্যালোচনা করা হয়।

বিশেষভাবে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে যৌথ প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

উভয় পক্ষ এই সহযোগিতাকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি কার্যকর মডেল হিসেবে উল্লেখ করে। তারা বলেন, এই অংশীদারিত্ব টেকসই উন্নয়ন, জ্বালানি সম্পদের দায়িত্বশীল ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ তাদের পারমাণবিক সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সমন্বয় আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সূত্র: মেহের