মধ্যপ্রাচ্যের কূটনীতি ও আধুনিক কাতারের রূপকার, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আস সানি আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) সকালে ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। কাতারের রাজকীয় আদালত (আমিরি দিওয়ান) তার ইন্তেকালের খবরটি নিশ্চিত করেছে।
খালিজ টাইমস (১২ জুলাই) জানিয়েছে, শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৮ বছর কাতার শাসন করেন। ২০১৩ সালে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে নিজের চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আস সানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। এরপর থেকে তিনি কাতারবাসীর কাছে 'ফাদার আমির' বা 'জাতির পিতা আমির' হিসেবে পরিচিত ছিলেন।
তার ১৮ বছরের শাসনামলে কাতার এক সাধারণ রাষ্ট্র থেকে বিশ্বরাজনীতি ও কূটনীতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। তার সময়েই কাতারে ২০০৬ সালের এশিয়ান গেমস, ২০১২ সালের জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-১৮), ঐতিহাসিক দোহা চুক্তি এবং ফাতাহ-হামাস দোহা চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক অধিকারও কাতার তার নেতৃত্বেই অর্জন করেছিল।
আমিরি দিওয়ানের এক বিবৃতিতে বলা হয়েছে, "আল্লাহ দেশের এই মহান নেতাকে তার বিশাল রহমত ও ক্ষমার চাদরে জড়িয়ে নিন। তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। দেশ, আরব এবং পুরো মুসলিম বিশ্বের জন্য করা তার মহান ও স্থায়ী কাজের জন্য আল্লাহ তাকে সর্বোত্তম পুরস্কার দিন এবং আমাদের সবাইকে ধৈর্য ধরার শক্তি দিন।"



