যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা চলছে না : ইরান

ওয়াশিংটনের কোনো প্রতিনিধি দলকে স্বাগত জানানো কিংবা ইরানি কোনো প্রতিনিধি দল পাঠানো—কোনোটারই পরিকল্পনা ইরানের নেই।

নয়া দিগন্ত অনলাইন
ইসমাইল বাকেই
ইসমাইল বাকেই |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোববার রাতের সে দাবি সরাসরি নাকচ হয়ে গেল, যেখানে তিনি বলেছিলেন যে পরের দিনই ইরানের সাথে বৈঠক হতে যাচ্ছে।

বাকেই জানান, ওয়াশিংটনের কোনো প্রতিনিধি দলকে স্বাগত জানানো কিংবা ইরানি কোনো প্রতিনিধি দল পাঠানো—কোনোটারই পরিকল্পনা ইরানের নেই।

তিনি আরো বলেন, এই মুহূর্তে ইরানের মূল নজর হলো হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে আলোচনা চালিয়ে যাওয়া।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা এখন এমন একটি পথ খুঁজে বের করার চেষ্টা করছি যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে—এটি উত্তর দিকের পথও নয়, আবার দক্ষিণ দিকের পথও নয়। তবে এমন এক পথ হতে হবে যা উভয় দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানায় এবং আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করে।'

এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় সহযোগীদের অনুরোধেই তিনি ইরানের ওপর নতুন কোনো মার্কিন হামলা চালানোর নির্দেশ স্থগিত রেখেছেন। এর মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে একটি টেলিফোন আলাপও ছিল।

ট্রাম্প সেই আলাপের কথা উল্লেখ করে বলেন, 'আমি যুবরাজকে জিজ্ঞাসা করেছিলাম—আপনারা কোনটি চান? আমরা হামলা চালাই নাকি না চালাই? তারা স্পষ্ট জানায়, তারা হামলার চেয়ে একটি সমঝোতা বা চুক্তিকেই বেশি পছন্দ করবে। কারণ এ ধরনের হামলা পরিস্থিতিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, তা কারো জানা নেই।'