রেকর্ড ভোটে আবারো ইরানের স্পিকার কালিবাফ

এবারের নির্বাচনটি আগের মতো কাগজে নয়, বরং সরাসরি ইলেকট্রনিক ব্যালট বাক্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ বাকের কালিবাফ
মোহাম্মদ বাকের কালিবাফ |সংগৃহীত

ইরানের সংসদ মজলিসে শূরার স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন হয়েছেন মোহাম্মদ বাকের কালিবাফ।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি এবং ছাত্রদের সংবাদ সংস্থা ইসনা সোমবার জানিয়েছে, ইরানের এক চরম সংকটময় মুহূর্তে শান্তি আলোচনার সম্ভাবনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আবারো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মাঝে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়—সেটাই এখন ইরানের নতুন পার্লামেন্টের প্রধান লক্ষ্য। এই কঠিন সময়ে দেশের ভেতরের সব রাজনৈতিক মতভেদ ভুলে জনপ্রতিনিধিরা শান্তির পক্ষে একাট্টা হয়েছেন। আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই টানা সপ্তম বছরের মতো স্পিকারের আসনে বসলেন কালিবাফ।

রেকর্ড ভাঙা ভোট ও নতুন বার্তা

সোমবার সকালে অনুষ্ঠিত এই নির্বাচনে কালিবফ এক নতুন ইতিহাস তৈরি করলেন। মোট ২৭১টি ভোটের মধ্যে ২৩৫টি ভোট পেয়ে তিনি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। গত ৭ বছরের মধ্যে স্পিকার পদে এটাই কোনো প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তাকি নকদালি পেয়েছেন মাত্র ২৯ ভোট আর ওসমান সালারি পেয়েছেন মাত্র ৭ ভোট। ৫টি ভোট ফাঁকা ছিল।

এবারের নির্বাচনটি আগের মতো কাগজে নয়, বরং সরাসরি ইলেকট্রনিক ব্যালট বাক্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নেয়া হয়েছে।

সংকট কাটিয়ে ঐক্যের ডাক

সংসদের সংবাদ বিভাগের প্রধান আমির হোসেন ইয়াজদানপানাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। চারিদিকে নানা চাপ আর অপপ্রচার ছিল। কিন্তু সেইসব নেতিবাচক পরিবেশকে উড়িয়ে দিয়ে ৮২ শতাংশের বেশি প্রতিনিধি কালিবাফের ওপর ভরসা রেখেছেন।’

‘এই বিপুল ভোট শুধু একটি জয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের একপেশে নীতি এবং ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ শক্তি ও শান্তির পক্ষে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা। সব বাধা পেরিয়ে মানুষের মুখে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনাই এখন এই সংসদের মূল তাগিদ।’

সূত্র : তাসনিম নিউজ ও ইসনা