পারস্য উপসাগরের দক্ষিণ তীরের আরব দেশগুলোর সব বন্দর এখন পুরোপুরি বন্ধ। শিপিং অ্যান্ড রিলেটেড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মাসুদ পলোমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই অঞ্চলের বাণিজ্যিক কর্মকাণ্ডে ধস নেমেছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১০টি অপরিশোধিত তেল, গ্যাস ও জ্বালানি তেলবাহী জাহাজ পারস্য উপসাগর থেকে বের হয়ে হরমুজ প্রণালী পার হতো। কিন্তু বর্তমানে সেই সংখ্যা শূন্যে এসে ঠেকেছে। অর্থাৎ এই পথ দিয়ে কোনো জাহাজই আর যাতায়াত করছে না। ফলে পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ ও রফতানি ব্যবস্থা বড় ধরনের সঙ্কটে পড়েছে।
আঞ্চলিক বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের জেবেল আলি বন্দরটিও এখন অচল। এই বন্দর দিয়ে বছরে ১ কোটি ২০ লাখের বেশি কন্টেইনার আমদানি-রফতানি হতো, যা এই অঞ্চলের অন্য বন্দরগুলোর অর্থনীতিকেও সচল রাখত।
জেবেল আলী অচল হয়ে পড়ায় এর প্রভাব অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় এই অঞ্চলের বন্দরগুলোতে মালামাল আসা-যাওয়া পুরোপুরি থেমে গেছে।



