ইউরোপের কিছু দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে পুরনো আর ভুল বুলি আওড়াচ্ছে বলে কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ এক ফোনালাপে তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমারা ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে যে ধরণের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তা তো গঠনমূলক নয়ই বরং চরম দায়িত্বজ্ঞানহীন।
ইরানের বারবার বলছে, তেহরানের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই চলছে। কিন্তু ইউরোপীয় দেশগুলোর একঘেয়ে এবং একপাক্ষিক অবস্থান এই সঙ্কটের সমাধান না খুঁজে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন ইরানের প্রেস টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে। এনপিটির সদস্য দেশ হিসেবে ইরান বরাবরই বলে আসছে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, বরং জনকল্যাণমূলক কাজেই এই শক্তি ব্যবহার করতে চায়। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ উজমা খামেনি পরমাণু বোমা বানানো ও রাখাকে 'হারাম' হিসেবে যে ফতোয়া দিয়ে গেছেন, বর্তমান নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির আমলেও তা বলবৎ রয়েছে। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা শহীদ হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরমে।
তেহরান মনে করে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নাতাঞ্জ ও ইস্পাহানের মতো পরমাণু কেন্দ্রে বারবার হামলা চালানো হলেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর কোনো নিন্দা জানায়নি।
আব্বাস আরাগচি মনে করেন, ইউরোপীয় দেশগুলো সত্যকে আড়াল করে মার্কিন যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে তেহরানের ওপর অযথা চাপ তৈরির চেষ্টা করছে। আলোচনার টেবিলে সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, তাদের পরমাণু অধিকার নিয়ে কোনো আপস করা হবে না এবং কোনো চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। বরং যেকোনো ধরণের হামলার বিরুদ্ধে ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় এখন আরো বেশি অনড়।
সূত্র: ডন



