হরমুজ প্রণালী নিয়ে আজ-কালের মধ্যেই মার্কিন-ইরান চুক্তি?

'আমরা ইরানিদের সাথে কথা বলছি। আজ বা কালকের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা হরমুজ প্রণালীকে খুলে দেবে এবং এই সংঘাতকে একটি স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে যাবে।'

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি |সংগৃহীত

বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পানিপথ হরমুজ প্রণালী ফের খুলে দিতে মঙ্গলবার বা বুধবারের (৪ বা ৫ আগস্ট) মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি সমঝোতা চুক্তি হতে পারে।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (৪ আগস্ট) উল্লেখ করেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।

স্কট বেসেন্ট বলেন, 'আমরা ইরানিদের সাথে কথা বলছি। আজ বা কালকের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা হরমুজ প্রণালীকে খুলে দেবে এবং এই সংঘাতকে একটি স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে যাবে।'

এই সমঝোতার মাধ্যমে ইরান কি কোনো টোল বা মাশুল আদায়ের সুযোগ পাবে—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট স্পষ্ট জানান, চুক্তিটি জাহাজের অবাধ চলাচলের নিশ্চয়তা দেবে।

তিনি আরো বলেন, 'এটি হবে অবাধ চলাচলের অধিকার। যদিও গত কয়েক দিনে সেখানকার পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত ছিল, তবুও আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কিছু জাহাজ বের হয়ে আসতে শুরু করেছে।'