ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।
একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) গাজায় পৃথক ইসরাইলি হামলায় দু’জন নিহত ও আরো চারজন আহত হয়েছেন, যা গত অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির একটি নতুন লঙ্ঘন।
সূত্রটি জানায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
সূত্রটি আরো জানায়, গাজা শহরের কেন্দ্রস্থলের আল-মাঘরাবি এলাকায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হন।
এদিকে, উত্তর গাজায় ইসরাইলি গুলিতে এক নারী গুরুতর আহত হয়েছেন। এছাড়াও গাজা শহরের জেইতুন মহল্লায় একটি ইসরাইলি ড্রোন বিস্ফোরিত হলে আরো দুই ফিলিস্তিনি আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯৮১ জন নিহত এবং তিন হাজার ১১১ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরো এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ অঞ্চলের ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



