ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুবাইয়ে ‘গোপন সফরের’ খবরকে পুরোপুরি নাকচ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ইরানের সাথে যুদ্ধের আবহে নেতানিয়াহু গোপনে আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছিল ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর।
এমনকি এই সফরকে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মোড় হিসেবেও বর্ণনা করা হয়।
সংযুক্ত আরব আমিরাত অবশ্য এই দাবি মানতে নারাজ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাফ জানিয়েছে, নেতানিয়াহুর আমিরাত সফর কিংবা কোনো ইসরাইলি সামরিক প্রতিনিধিদলকে দেশে স্বাগত জানানোর খবরটি আদতে ভিত্তিহীন।
আমিরাত আরো পরিষ্কার করেছে, ইসরাইলের সাথে তাদের সম্পর্ক জনসমক্ষেই রয়েছে এবং এটি কোনো অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর দাঁড়িয়ে নেই। ফলে কোনো অঘোষিত সফর বা গোপন চুক্তির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।



