ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে : ইসরাইল

ইরান ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আইডিএফ। সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছে এবং হামলা প্রতিহতের কথা জানিয়েছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এবং সেগুলো রুখে দেয়ার কথা জানিয়েছে ইসরাইলের বিমান বাহিনী।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অল্প কিছুক্ষণ আগে ইসরাইলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।’

এতে বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।’

সূত্র : বিবিসি