ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি জানিয়েছেন, হাউছিদের সাথে যুদ্ধবিরতি চুক্তির কোনো পরিকল্পনা নেই দেশটির সরকারের।
তিনি বলেন, ‘আমরা এমন কোনো নতুন যুদ্ধবিরতির পক্ষে নই যা অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাবে।’
এর পরিবর্তে তিনি এমন একটি ‘স্থায়ী ও টেকসই শান্তির’ আহ্বান জানান, যেখানে রাষ্ট্রের হাতেই অস্ত্রের একক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব থাকবে।
রাশাদ আল-আলিমি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হাউছিরা ‘শান্তির প্রকল্প নয়, বরং যুদ্ধ ও ধ্বংসের একটি প্রকল্প’।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মহলের মনোযোগ এখন হাউছিদের সাথে সমঝোতা করার বিষয় থেকে সরে গিয়ে ইয়েমেন, আন্তর্জাতিক নৌচলাচল, অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দিকে গেছে।
রাশাদ আল-আলিমি বলেন, ‘এখন থেকে হাউছি মিলিশিয়াদের কোনো পদক্ষেপই কোনো জবাব বা ব্যাপক প্রতিরোধ ছাড়া বরদাস্ত করা হবে না। আমাদের কৌশলগত লক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা এবং হাউছিদের অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়া।’
সূত্র: মিডল ইস্ট আই


