ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দেয়া সাম্প্রতিক জবাবকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি বলেন, এতে করে যুদ্ধবিরতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান অগ্রহণযোগ্য জবাব দেয়ার পর যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। এক মাস বয়সী এই যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।”
তিনি আরো বলেন, “তারা আমাদের কাছে যে জবাব পাঠিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। আমি পুরো জবাবটিও পড়িনি। পরিস্থিতি এমন যে, একজন চিকিৎসক এসে বলতে পারেন—আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।”
হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর ইঙ্গিত
একই দিনে সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করা হতে পারে।
তিনি বলেন, “এবার যদি প্রজেক্ট ফ্রিডম শুরু হয়, তাহলে শুধু জাহাজকে নিরাপত্তা দেয়াই নয়, ইরানের বিরুদ্ধে অভিযানও এর অংশ হতে পারে।”
দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে উপসাগরীয় আরব দেশগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ ঘোষণা দেয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। পরবর্তীতে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এর প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন ওই অভিযান থেকে সরে আসে। যদিও সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা



