যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনার কোনো অনুরোধ তেহরান করেনি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সাথে আলোচনার কোনো প্রস্তাব দেয়নি, বরং কেবল একজন মধ্যস্থতাকারীর ইরান সফরের অনুরোধে সম্মতি জানিয়েছে। ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন এই খবর জানিয়েছে।
হামশাহরি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি শুক্রবার(১০ জুলাই) জোর দিয়ে বলেছেন, 'ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কোনো অনুরোধ করেনি।' সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, 'তেহরান কেবল একজন মধ্যস্থতাকারীর ইরান সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে এবং এর মানে এই নয় যে তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার অনুরোধ বা উদ্যোগ নিয়েছে।'
এর আগে ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় দাবি করেছিলেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই অনুরোধে সম্মতি দিয়েছে। ট্রাম্পের এমন দাবির পরই তেহরানের পক্ষ থেকে এই কড়া জবাব এলো। দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনা ও যোগাযোগের প্রক্রিয়া নিয়ে ট্রাম্প যে দাবি করেছেন, তার বিপরীতে এটিকে তেহরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।



