যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরো তীব্র হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি হুমকি সৃষ্টি করায় ইরানের সক্ষমতা আরো দুর্বল করার লক্ষ্যেই এ হামলা চালানো হচ্ছে।
তারা আরো জানায়, মঙ্গলবার (২১ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১১টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়।
পরে আরেকটি পোস্টে সেন্টকম জানায়, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সরবরাহ-সংক্রান্ত অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
সেন্টকম জানায়, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘উসকানিবিহীন এসব হামলায় শত শত নিরীহ নাবিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।’
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে তারা হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০০টি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে। এর মাধ্যমে প্রায় ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব হয়েছে।
সূত্র: বাসস



