যুক্তরাষ্ট্রের সাথে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত ইরান: পেজেশকিয়ান

এদিকে ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন, যুদ্ধ থামানোর কথা বললেও যুক্তরাষ্ট্র ক্রমাগত এই অঞ্চলে নতুন নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি "পূর্ণাঙ্গ যুদ্ধে" লিপ্ত রয়েছে। তেহরানকে এখন এই সংঘাতের পরিণতি মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন সোমবার (২০ জুলাই) জানিয়েছে, একটি প্রেসিডেন্সি বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, "বাস্তবতা হলো আজ ইসলামিক রিপাবলিক অব ইরান একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে।" তিনি আরো যোগ করেন, "আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক ফলাফল মেনে নিতে হবে।"

এদিকে ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন, যুদ্ধ থামানোর কথা বললেও যুক্তরাষ্ট্র ক্রমাগত এই অঞ্চলে নতুন নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, 'আমেরিকানরা এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম আনা অব্যাহত রেখেছে এবং দাবি করছে তারা যুদ্ধ থামাতে চায়। তারা ধরে নিয়েছে আমাদের বুদ্ধিমত্তা তাদের নিজস্ব আইকিউ -এর মতোই কম।'

গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতাকে তীব্র আক্রমণ করে বলেন, 'আমেরিকানদের এই খেলাগুলো চিনে ফেলার মতো দক্ষতা আমরা অর্জন করেছি এবং সেই ভিত্তিতেই আমরা নিজেদের প্রস্তুত করেছি। মুখের দাবি অবশ্যই কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, কাজের সাথে দাবির কোনো বৈপরীত্য থাকা চলবে না।'