শান্তি চুক্তির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ অ্যাজেন্সি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে দিয়ে আজ সোমবার জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে যে জবাব দেয়া হয়েছে তাতে ইরানি জাতির মৌলিক অধিকারের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
ওই সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র আগে যে পরিকল্পনা দিয়েছিল তা আসলে ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক সব দাবি চাপিয়ে দেয়ার একটা চেষ্টা ছিল। তাই ইরান সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সূত্রটি স্পষ্ট করে বলেছে, ইরানে ট্রাম্পকে খুশি করার জন্য কেউ কোনো পরিকল্পনা লেখে না। তেহরানের আলোচক দল কেবল ইরানি জনগণের অধিকার রক্ষার কথা মাথায় রেখেই কাজ করে। ট্রাম্প যদি এতে অখুশি হন, তবে সেটিই বরং ইরানের জন্য ভালো। ট্রাম্প আসলে বাস্তবতাকে মেনে নিতে পারছেন না, আর এই কারণেই তিনি বারবার ইরানের কাছে হেরে যাচ্ছেন।
সূত্র: আল জাজিরা



