সৌদি আরব ইয়েমেনে তেহরান-সমর্থিত হাউছিদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না বলে সতর্ক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। দেশটির ওপর বিদ্রোহীদের হামলা বাড়ার মধ্যে বৃহস্পতিবার এ সতর্কবার্তা দেয়া হয়।
রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেবি দেফা প্রেসকে বলেন, ‘সৌদি আরব নিশ্চিতভাবেই ইয়েমেন ও আনসারুল্লাহকে (হুথিদের আরেক নাম) নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তাদের হামলা থেকেও নিরাপদ থাকতে পারবে না।’
তিনি বলেন, ‘গত কয়েক দিনে আমরা যেমন দেখেছি, সৌদি আরব যত বেশি হামলা চালাচ্ছে, পাল্টা হামলাও তত বেশি হচ্ছে।’
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়, গত মাসে ইয়েমেন সেই যুদ্ধে সর্বশেষ নতুন ফ্রন্ট হিসেবে যুক্ত হয়।
জুলাইয়ের শুরুতে পাল্টাপাল্টি হামলার পর হাউছিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা এবং লোহিত সাগরের বন্দরগুলো অবরোধের চেষ্টা শুরু করে। এর আগে ইরানের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছিল।
ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সর্বশেষ লড়াইয়ের ফলে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে গেছে।
চলতি সপ্তাহে ইয়েমেনের এক মন্ত্রী এএফপিকে বলেন, হাউছি বিদ্রোহীরা বাব আল-মানদাব প্রণালীর তীরবর্তী এলাকা দখলের পরিকল্পনা করছে। এটি বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই নৌপথে আরো বড় ধরনের হুমকি তৈরি করতে পারবে তারা।
বাব আল-মানদাবের কাছে হাউছিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনি সরকারি বাহিনীর তিনজন হাউছি সামরিক সূত্র ও একজন মুখপাত্রও এএফপিকে বলেন, বিদ্রোহীরা তাদের বর্তমান নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।
সূত্র : এএফপি/বাসস



