ইরানের ওপর হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি প্রাথমিক সমঝোতা রূপরেখা তৈরির পর তিনি এই পদক্ষেপে সায় দেন। নিজের সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প লেখেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অনুরোধে তিনি প্রস্তাবিত চুক্তির আলোকেই সামরিক পদক্ষেপ স্থগিত করেছেন।
সিবিএস রোববার (২ আগস্ট) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দাবি, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ ও একটি সফল ইরানের টিকে থাকার স্বার্থেই এই চুক্তি প্রক্রিয়া জরুরি। তার ভাষ্যমতে, দ্রুত চুক্তি সই হলে অবিলম্বে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হবে এবং ইরানের পরমাণু হুমকির চিরতরে সমাপ্তি ঘটবে। ইসরাইলও শান্তিভিত্তিক এই প্রতিশ্রুতির সাথে যুক্ত রয়েছে বলে দাবি ট্রাম্পের।
এর আগে, শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমকে জানানো হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এক ভয়াবহ বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। যেকোনো মুহূর্তে আক্রমণ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
তবে শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। সিবিএস নিউজ জানায়, নতুন করে হামলা চালালে আঞ্চলিক পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে ট্রাম্পকে সতর্ক করেন রিয়াদ প্রধান। হামলার মূল লক্ষ্যবস্তু ও এর মারাত্মক পরিণতি নিয়ে উদ্বেগ থেকেই যুবরাজের এই কূটনৈতিক হস্তক্ষেপ ছিল। এ আলোচনার পরেই সুর বদলাতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট।



