যুদ্ধবিরতির মধ্যেই আবার সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

দ্বিতীয় দফা সংলাপের সম্ভাব্য ভেন্যু হিসেবেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে বিবেচনায় নেয়া হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ না হলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষই আগ্রহী।

নয়া দিগন্ত অনলাইন

চলমান ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারো সরাসরি সংলাপে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

দ্বিতীয় দফা সংলাপের সম্ভাব্য ভেন্যু হিসেবেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে বিবেচনায় নেয়া হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ না হলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষই আগ্রহী।

প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এএফপি। তারা জানান, দুই দেশের সাখে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং কূটনৈতিক উপায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য নিরসনের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন দুই দেশের মধ্যে সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে হঠাৎ নারকীয় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরাইলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

আত্মরক্ষায় ইরানের পাল্টা হামলায় যুদ্ধ তীব্র আকার ধারণ করলে ৭ এপ্রিল, যুদ্ধের ৩৯তম দিনে, উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।

সূত্র: এএফপি, আল জাজিরা।