যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে সোমবার (২০ জুলাই) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
দু’জন মার্কিন সেনা নিহত হওয়ার পর এই অঞ্চলে ইরানি স্থাপনার ওপর মার্কিন সামরিক বাহিনীর টানা নবম রাতের বিমান হামলার জেরেই বাজারে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রতিশোধ হিসেবে তেহরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির অধীনে তার প্রতিশ্রুতি স্থগিত করেছে, যার ফলে কৌশলগত সামুদ্রিক পানিপথটি বন্ধ করে দেয়া হয়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১০টা ২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৫ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হঠাৎ করে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়ায় বিশ্লেষকরা দীর্ঘস্থায়ী অস্থিরতার বিষয়ে সতর্ক করেছেন। কারণ ব্যবসায়ীরা ক্রমবর্ধমান সরবরাহ ঝুঁকি এবং সামুদ্রিক বীমার প্রিমিয়াম বৃদ্ধিকে আগ্রাসীভাবে বিবেচনা করছেন।
সূত্র: আল জাজিরা



