ইরানে যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হলো।

নয়া দিগন্ত অনলাইন
এফ-৩৫ যুদ্ব বিমান
এফ-৩৫ যুদ্ব বিমান |সংগৃহীত

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে কথিত হামলার অজুহাতে ইরানে আবারও তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ভোরে চালানো মার্কিন সামরিক বাহিনীর এই নতুন হামলায় কেঁপে উঠেছে পুরো দক্ষিণ ইরান। দেশটির একাধিক প্রদেশে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে তিনটি, সিরিকে দুটি, চাবাহারের কাছে দুটি এবং জাস্ক এলাকায় ১০টিরও বেশি বিস্ফোরণ হয়েছে। এছাড়া আসালুয়েহ এবং বন্দর দাইয়্যেরেও বিকট শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ব্যারাকে সরাসরি বিমান হামলা চালানো হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিধি আরও বাড়ার খবর আসছে। খুজেস্তান প্রদেশের একেবারে দক্ষিণে শাহ আবদুল্লাহ গ্রামে একটি বিস্ফোরণ হলেও সেখানে কোনো হতাহতের খবর মেলেনি। তবে মেহর নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, খুজেস্তানের হেনদিজান, মাহশাহর এবং আবাদান শহরও শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। পাশাপাশি কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, চলতি সপ্তাহে ইরানের ওপর এটি তাদের তৃতীয় দফার সামরিক অভিযান। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হলো। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই মার্কিন হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়।