যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইজিআরসি)।
শুক্রবার (৩ এপ্রিল) দেশটির বার্তাসংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, আইজিআরসি দাবি করেছে যে তারা মধ্য ইরানের আকাশে উড়ন্ত অবস্থায় দ্বিতীয় একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে’ এবং বিমানটির মারাত্মক ক্ষতির কারণে পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের মেহর নিউজ অ্যাজেন্সি টেলিগ্রামে একটি পোস্টে বলেছে, বিধ্বস্ত হওয়ার ফলে সৃষ্ট ‘প্রচণ্ড বিস্ফোরণের’ কারণে পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা আইজিআরসির আগের একটি দাবিকে অস্বীকার করেছে, যেখানে তারা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলেছিল।
সূত্র: আল জাজিরা


