ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় চার শিশুসহ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিমান হামলায় মধ্য গাজা সিটিতে উদ্ধার পরিষেবা পরিচালনাকারী আল-মাসরি পরিবারের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে চার শিশুসহ পরিবারের ছয় সদস্য নিহত হন।
চিকিৎসকদের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিকেলে মধ্য গাজা শহরের আল-সামার এলাকার একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরো চারজন নিহত হয়েছেন।
গণমাধ্যমটি আরো জানায়, গাজা শহরের দক্ষিণে আল-জাহরা এলাকায় একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় দু’জন নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে এক হাজার ১৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, বিবিসি



