গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরো ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপৌর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করার পর এই উত্তেজনা শুরু হয়, যার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুই দিনে চালানো এই অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনাসহ ১৭০টিরও বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



