ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার (১ জুলাই) গাজা শহরের আল-হিলু স্টেশনের কাছে এ হামলাটি চালানো হয়, যেখানে একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতাল ও একটি জ্বালানি স্টেশন রয়েছে।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায় যে, তারা উত্তর গাজায় পৃথক হামলায় চারজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।
গাজার সরকারি গণমাধ্যম দফতরের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে এক হাজার ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৪০৬ জন আহত হয়েছেন।
দফতরটি জানায়, তারা ইসরাইলের পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের তিন হাজার ৪৬৫টি ঘটনা নথিভুক্ত করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে মোট ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার ৫১৪ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



