যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থা নিরসন এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ইরান একটি ‘বৈধ ও উদার’ শান্তি প্রস্তাব দিয়েছে। তেহরানের দাবি, এই প্রস্তাব মেনে নিলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে।
সোমবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তারা সঙ্ঘাতের অবসান ঘটিয়ে একটি দায়িত্বশীল সমাধানে আসতে চান। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এখনো একতরফা এবং অযৌক্তিক দাবি নিয়ে পড়ে আছে।
ইরানের পক্ষ থেকে দেয়া এই প্রস্তাবে মূলত চারটি প্রধান বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে। প্রথমত, অবিলম্বে যুদ্ধ বন্ধ করা; দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও জলদস্যুতা বন্ধ করা; তৃতীয়ত, ওয়াশিংটনের চাপে বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানি অর্থ বা সম্পদ ছেড়ে দেয়া এবং চতুর্থত, লেবাননসহ পুরো অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা।
বাঘাইয়ের মতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রস্তাব ইরান দিয়েছে, তা আঞ্চলিক শান্তির স্বার্থে অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ।
অবরোধ প্রত্যাহার ও সম্পদ মুক্তির দাবি
ইরানের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট এবং তারা এগুলোকে আইনি অধিকার হিসেবে দেখছে। ইসমাইল বাঘাই জানান, অন্যায়ভাবে তাদের সম্পদ আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক রীতির পরিপন্থী। এই সম্পদ মুক্তি এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়া হলে দু’দেশের মধ্যে উত্তজনা অনেকটাই প্রশমিত হতে পারে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাবকে সঙ্কটের একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র : ডন



