হরমুজ প্রণালী পারাপারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে সমন্বয় করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ইরান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্বানুমতি এবং সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার কোনো সুযোগ নেই। কোনো কোনো পক্ষ ইরানের সাথে কোনো আলোচনা না করেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যাতায়াতের জন্য সম্পূর্ণ নতুন একটি রুটের ঘোষণা দিয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার (২৫ জুন) জানিয়েছে, একে চরম বিপজ্জনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী।
এক সতর্কবার্তায় আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের একমাত্র পথ হলো ইরানের নির্ধারিত রুটগুলো। এই রুটের বাইরে যেকোনো ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এই নির্দেশ অমান্য করে অন্য কোনো পথে চলাচল না করতে কঠোরভাবে সতর্ক করেছে ইরান।
হরমুজ প্রণালী পার হতে হলে অবশ্যই চ্যানেল-১৬ ব্যবহার করে আইআরজিসি নৌবাহিনীর সাথে যোগাযোগ ও সমন্বয় করতে হবে। এই নিয়ম অমান্যকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
সূত্র: ইরনা



