রাষ্ট্রায়ত্ত বাহরাইন নিউজ অ্যাজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (৫ম ফ্লিট) সার্ভিস সেন্টার ‘ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে’।
তবে ইরান হামলা করেছে কি-না, সে সম্পর্কে কিছু বলা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সাধারণ জনগণকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে।’
বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশ জুড়ে এই নৌবহর কাজ করে।
মার্কিন সামরিক বাহিনীর দিক থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
তবে এর আগে বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে মার্কিন দূতাবাস নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দিয়েছিল।
সূত্র : বিবিসি



