ইসরাইলি হামলায় গাজা সিটির অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল থেকে এই পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন, যারা ত্রাণের অপেক্ষায় বিতরণ কেন্দ্রগুলোর পাশে অবস্থান করছিল।
গাজার কর্মকর্তারা জানান, কিছুদিন আগে ইসরাইলি গাজা সিটির মানুষজনকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এরপর থেকে তাদের হামলায় অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে।
তারা আরো জানান যে দখলদার বাহিনীর এই জাতিগত উচ্ছেদ অভিযান গত দুই বছর ধরে চলমান রয়েছে। এই দীর্ঘ অভিযানে তারা গাজা উপত্যকার দখল এবং ফিলিস্তিনিদের বিতাড়িত করতে চায়।
সূত্রটি জানায়, উপত্যকার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্র ও আবাসিক ভবন লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র জানিয়েছে যে আজ রোববার সকাল থেকে এই পর্যন্ত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই ছিল গাজা সিটির।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এই পর্যন্ত ৬৪ হাজার ৮০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জন। এছাড়া ধ্বংসস্তুপের নিচে পড়ে নিখোঁজ রয়েছে আরো হাজার হাজার ফিলিস্তিনি।
এদিকে, এই যুদ্ধে ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া অন্তত ২০০ জন হামাসের হাতে বন্দী হয়েছে।
সূত্র : আল জাজিরা



