ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরাইলে পাঠিয়েছে ১৪টি মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান। ইসরাইলি সংবাদ মাধ্যম রোববার এ খবর দিয়েছে বলে মিডলইস্ট মনিটর জানিয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াল্লা’ বিমানবাহিনীর সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের মার্কিন সামরিক বাহিনী ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় রামন বিমানবন্দরে মোট ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েনের পরিকল্পনা করেছে। ইরানের ওপর মার্কিন হামলা জোরদার হলে এই সংখ্যা আরো বাড়বে এবং বিমানগুলো তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরেও অবতরণ করতে পারে। ইতোমধ্যে সেখানে ৩৩টি মার্কিন বিমান পার্ক করে রাখা হয়েছে। ফলে গ্রীষ্মকালীন বেসামরিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কায় পড়েছে খোদ ইসরাইল।
ইসরাইলি ব্রডকাস্টার ‘কান’ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এই অঞ্চলজুড়ে তাদের সামরিক মোতায়েন পুনর্গঠনের পরিকল্পনা ইসরাইলকে আগেই জানিয়েছিল। তারই অংশ হিসেবে দক্ষিণের ওভদা বিমানঘাঁটিতে কিছু বিমান চলেও এসেছে। গত ফেব্রুয়ারিতে ইরান লক্ষ্য করে মার্কিন-ইসরাইল যৌথ হামলার পর থেকেই এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে হরমুজ প্রণালীতে ট্রাম্প প্রশাসনের নতুন করে হামলার মধ্য দিয়ে সেই প্রচেষ্টা পুরোপুরি নস্যাৎ হয়ে গেছে।



