ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ‘যতক্ষণ শত্রুতামূলক আচরণ না করবে’ ততক্ষণ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।
ইরানি গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘হরমুজ প্রণালী খোলা রয়েছে, তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে জাহাজগুলোকে ইরানি বাহিনীর সাথে সমন্বয় করে চলাচল করতে হবে।’
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘প্রণালীতে নিরাপদ নৌপথ নিশ্চিত করবো আমরা।’
হরমুজ প্রণালী থেকে পাওয়া প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে খুব অল্পসংখ্যক জাহাজ এই পথ দিয়ে চলাচল করেছে।
পাকিস্তানে ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরুর প্রহর গণনা যখন চলছে, এর মধ্যেই গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলের অনুমতি দেয়ার ক্ষেত্রে ইরান খুবই বাজে কাজ করছে, কেউ কেউ তো এটিকে লজ্জাজনকও বলছে। আমাদের মধ্যে যা সমঝোতা হয়েছিল, এটা তা নয়।’
সূত্র: বিবিসি



