ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক ও দাফন অনুষ্ঠানে অংশ নেয়া দেশটির বর্তমান শীর্ষ নেতৃত্বকে ‘এক আঘাতেই’ নিশ্চিহ্ন করে দেয়ার নতুন হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে ইরানের সাথে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না বলেই তিনি এই মুহূর্তে এমন পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবি করেছেন।
এনডিটিভি রোববার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ‘তারা সবাই সেখানে উপস্থিত আছেন। মাত্র একটি আঘাতেই আমরা তাদের সবাইকে খতম করে দিতে পারি। তবে আমরা তা করতে যাচ্ছি না, কারণ তখন আমাদের সাথে আলোচনা করার মতো আর কোনো মানুষ থাকবে না। ইরান এখন একটি চুক্তি করার জন্য আমাদের কাছে কাকুতি-মিনতি করছে।’
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন পরিচালনা করার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই ওই দিনই শহীন হন।
চলমান এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, খামেনির দাফন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দু’পক্ষই আলোচনা থেকে এক সপ্তাহের বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের ওপর নতুন করে কোনো আক্রমণ চালাবে না।



