লিবীয় হজযাত্রীর জন্য ২ বার ফিরে এলো বিমান, কী ঘটেছিল সেদিন?

পাইলট বললেন, ‘আল্লাহর কসম আমেরকে ছাড়া আমি বিমানে উঠব না।’ আমের উঠলেন এবং অন্য হজযাত্রীদের সাথে যুক্ত হলেন পবিত্র কাফেলায়।

নয়া দিগন্ত অনলাইন

লিবীয় এক হজযাত্রীর সাথে ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। যা এরই মধ্যে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

রোববার (২৫ মে) বিস্ময়কর ওই ঘটনাটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা মুবাশির। ওই প্রতিবেদনেই লিবীয় হজযাত্রীর ঘটনাটি বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই লোকটির নাম আমের আল-মানসুর। দক্ষিণ লিবিয়া থেকে তিনি হজের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।

আমেরকে উদ্ধৃত করে আলজাজিরা জানায়, তিনি একেবারে শেষ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছান। তিনি বিমানে আরোহনের জন্য প্রস্তুত। কিন্তু কর্তৃপক্ষ জানাল, তিনি পাসপোর্টের নিরাপত্তা জনিত জটিলতার সম্মুখীন হয়েছেন। ফ্লাইটে উঠতে পারবেন না।

আমেরকে ছাড়াই বিমান উড্ডয়ন করল। তিনি বলেন, ‘সকল হাজিরা চলে গেলেন, আর আমি থেকে গেলাম।’ এ সত্ত্বেও আমের নিরাশ হননি বলেও জানান।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ফের বলল, ‘তোমার পাসপোর্টে সমস্যা। (তুমি ফিরে যাও)।’ কিন্তু আমের নাছোড়বান্দা, হজ করতে তিনি যাবেনই।

‍বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক তাকে বললেন, ‘আল্লাহ সঠিক পরিকল্পনাকারী, এটা তোমার ভাগ্যে নেই।’ তার এই কথাও আমের মেনে নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, ‘ইনশাআল্লাহ! বিমানটি উড়তে পারবে না। এখনই ফিরে আসবে। আমি বাইতুল্লাহতে যাওয়ার দৃঢ় নিয়ত করেছি।’

এই কথোপকথনের কয়েক মুহূর্ত না কাটতেই ঘটল বিস্ময়কর ঘটনা। যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে বিমানবন্দরে ফিরে এলো বিমানটি। তখন আমের নিরাপত্তা পরিচালককে অনুরোধ করলেন, তাকে বিমানে ওঠার ব্যবস্থা করে দিতে। কিন্তু এখানে বাধ সাধলেন পাইলট। ইঞ্জিন চলমান থাকার কারণে যৌক্তিক অসুবিধার দোহাই দিয়ে তিনি গেইট খুললেন না।

বিমান ফের উড়ে গেল। আর আমের আগের মতোই বিমানবন্দরের ভেতরে দাঁড়িয়ে রইলেন। তিনি বলেন, ‘নিরাপত্তা পরিচালক আবার এসে আমাকে বের হওয়ার অনুরোধ করলেন এবং বললেন, তুমি দুঃখ পেয়ো না। আল্লাহ এটি তোমার ভাগ্যে লিখেননি।’

নিরাপত্তা পরিচালককে আমের বোঝাচ্ছিলেন যে, তার দৃঢ় বিশ্বাস- তিনি এই ফ্লাইটেই হজে যাবেন। এরই মধ্যে ঘটল আরো বিস্ময়কর ব্যাপার। ভিন্ন আরেকটি যান্ত্রিক ত্রুটি নিয়ে দ্বিতীয়বার অবতরণ করল বিমানটি।

এ সময় নিরাপত্তা পরিচালক পরিস্থিতির কাছে আত্মসমর্পন করলেন। পাইলট বললেন, ‘আল্লাহর কসম আমেরকে ছাড়া আমি বিমানে উঠব না।’ আমের উঠলেন এবং অন্য হজযাত্রীদের সাথে যুক্ত হলেন পবিত্র কাফেলায়।

সূত্র : আলজাজিরা মুবাশির