ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে মার্কিন হামলা

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ওমান উপসাগরে একটি মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইরানি কার্গো বার্জ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানি কার্গো বার্জে মার্কিন হামলা
ইরানি কার্গো বার্জে মার্কিন হামলা |সংগৃহীত

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানি কার্গো বার্জে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান।

মেহর নিউজ অ্যাজেন্সির বরাতে ইরানের সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ওমান উপসাগরে একটি মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইরানি কার্গো বার্জ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ১৫০ টন ওজনের কার্গো বার্জটি সিরিকের স্থানীয়দের মালিকানাধীন ছিল এবং এটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহন করছিল। খাসাব থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে বার্জটি হামলার শিকার হয়।

গভর্নর জানান, পাশ দিয়ে যাওয়া জাহাজগুলো বার্জের পাঁচজন নাবিককেই উদ্ধার করে ওমানে নিয়ে গেছে।

এদিকে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছে যে, তারা ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজ সংক্রান্ত ঘটনার খবর পেয়েছে।

দূতাবাস লিখেছে, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আরো বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।’

সূত্র: আল জাজিরা