দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরান সম্মত হওয়ার পর দেশটিকে ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল বা মাশুল আদায় না করতে বৃহস্পতিবার কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘খবর পাওয়া যাচ্ছে যে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর কাছ থেকে মাশুল নিচ্ছে। তারা যেন এটি না করে এবং যদি করে থাকে, তাহলে এখনই বন্ধ করতে হবে।’
মাত্র কয়েক মিনিট পর দেয়া আরেকটি বার্তায় তিনি বলেন, ‘আপনারা দেখবেন, খুব দ্রুতই তেল সরবরাহ স্বাভাবিক হবে- ইরানের সহায়তা থাকুক বা না থাকুক।’
তিনি আরো অভিযোগ করেন, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরান ‘খুবই খারাপ ও অসম্মানজনক আচরণ’ করছে।
ট্রাম্প বলেন, ‘এটি আমাদের চুক্তির অংশ নয়।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সম্প্রতি দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে।
তবে বৃহস্পতিবার পাওয়া সামুদ্রিক নজরদারি তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র ১০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
সূত্র: বাসস



