বোনকে ছাড়াই হজের স্বপ্ন পূরণ হচ্ছে ৬১ বছর বয়সী সালিনার

‘মক্কা রুট ইনিশিয়েটিভের তত্ত্বাবধানে আমরা দুই বোনই হজ আদায়ের আবেদন করি। কিন্তু যখনই আমাদের ডাক এলো, তখন আমার বোন ইন্তেকাল করলেন। আজ পবিত্র ভূমিতে যাওয়ার জন্য আমি তো অনেক খুশি, তবে বোনের জন্য আমার মনটা কাঁদছে।’

নয়া দিগন্ত অনলাইন
ভাগ্নির সাথে সালিনা
ভাগ্নির সাথে সালিনা |সংগৃহীত

মালয়েশিয়া থেকে পবিত্র হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৬১ বছর বয়সী সালিনা। এর মাধ্যমে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। তবে, এই আনন্দের মুহূর্তেও দুঃখের ব্যাপার হচ্ছে- সালিনা তার বোনকে নিয়ে একসাথে হজ করার স্বপ্ন দেখতেন। অবশেষে স্বপ্ন তো পূরণ হলো, কিন্তু তার বোন এখন আর বেঁচে নেই।

সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, তবে বোনের পরিবর্তে ভাগ্নিকে সাথে নিয়ে এবার হজ পালন করবেন সালিনা। ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’র তত্ত্বাবধানে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশে উড়াল দেয়ার আগে সালিনা নিজেই এসপিএ’কে বিষয়টি জানান।

সে সময় তিনি বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের। দীর্ঘ সময় ধরে আমরা দুই বোন যেই স্বপ্ন ও আশা একসাথে লালন করে এসেছি, তা আজ পূর্ণ হচ্ছে।’

এরপরই তার কণ্ঠ ভারী হয়ে আসে এবং অশ্রুসজল চোখে তিনি বলেন, ‘কিন্তু স্বপ্ন পূরণের এমন আবেগঘন মুহূর্তে আজ আমার বোন আমার সাথে নেই। অথচ, আমরা উভয়ে একইসাথে হজ করার স্বপ্ন দেখতাম।’

সালিনা আরো বলেন, ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’র তত্ত্বাবধানে আমরা দুই বোনই হজ আদায়ের আবেদন করি। কিন্তু যখনই আমাদের ডাক এলো, তখন আমার বোন ইন্তেকাল করলেন। আজ পবিত্র ভূমিতে যাওয়ার জন্য আমি তো অনেক খুশি, তবে বোনের জন্য আমার মনটা কাঁদছে।

তিনি জানান, তবে বোনের পরিবর্তে ভাগ্নিকে সাথে নিয়ে হজ করতে যাচ্ছেন তিনি।

স্বদেশ থেকে বিদায়বেলায় সালিনা বলেন, বোনকে হারানোটা আমার জন্য অনেক কষ্টের ছিল। তবে, বোনের বদলে ভাগ্নির সাথেও পবিত্র এ সফর আমি আত্মিকভাবে উপলব্ধি করতে পারছি এবং সাহসও সঞ্চয় হচ্ছে। আমার কাছে এখন অনেকটা এমন মনে হচ্ছে- ‘যেন বোনই আমার সাথে যাচ্ছেন।’