ইরানে ৫০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানে সরকার আরোপিত ডিজিটাল শাটডাউন ৫০তম দিনে গড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নেটব্লকস
নেটব্লকস |সংগৃহীত

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানে সরকার আরোপিত ডিজিটাল শাটডাউন ৫০তম দিনে গড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেটব্লকস জানায়, সাত সপ্তাহ ধরে ইরান কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং পরস্পরের সাথে যুক্ত বর্তমান সমাজ ব্যবস্থায় এ ধরনের ব্ল্যাকআউট `নজিরবিহীন‘।

তবে বিবিসি অ্যারাবিক শুক্রবার জানায়, যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরো বলা হয়েছে, ইন্টারনেট সেবাও আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০ দিনের বন্ধের পর গুগলের সেবাগুলো আবার ব্যবহার করা যাচ্ছে। তবে সেবাগুলো এখনো ঝামেলাহীন নয়।

ইরানে ইন্টারনেটে সংযুক্ত থাকার জন্য সাধারণ নাগরিকদের বড় অঙ্কের খরচ বহন করতে হচ্ছে- এর মধ্যে রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট, যেমন স্টারলিংক বা এল ধরনের সেবা ব্যবহারকারীরা।

স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রতি গিগাবাইট ডেটার দাম প্রায় ছয় ডলার পর্যন্ত পৌঁছেছে- যা এমন একটি দেশের জন্য অত্যন্ত বেশি, যেখানে গড় মাসিক আয় ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে বলে ধারণা করা হয়।

ইরানে স্টারলিংক ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে কর্তৃপক্ষ শত শত ডিভাইস জব্দ করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

সূত্র: বিবিসি