ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সব দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ইসলামাবাদ সমঝোতায় প্রকৃত বিজয়ী হয়েছে ইরান।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে বিশেষ সংবাদ টক শো টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, আজকে আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি আমাদের ঐক্য ও সংহতির কারণে। যদি এই ঐক্য ও সংহতি না থাকত, শত্রু তার কু-উদ্দেশ্য হাসিল করত। আমাদের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতিকে সম্মান জানাতে হবে এবং এই ঐক্য বজায় রাখার চেষ্টা করতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে যে সমঝোতা ও চুক্তি হয়েছে, তা এক বিরাট ও অসাধারণ অর্জন।
তিনি আরো বলেন, আমরা সম্মিলিত বুদ্ধিমত্তার ভিত্তিতে এই সমঝোতায় পৌঁছেছি। সব দেশীয় ও বিদেশী বিশেষজ্ঞদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করে যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকে ইরান বিজয়ী।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের কূটনীতিকে শক্তিশালী করতে হবে এবং প্রিয় সর্বোচ্চ নেতা ও আমাদের শহীদ সর্বোচ্চ নেতার মতানুযায়ী প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। ইরানের বেশিভাগ প্রতিবেশী দেশ মুসলিম রাষ্ট্র, এই দেশগুলোর সাথে আমাদের একটি অভিন্ন ভাষায় তথা সমঝোতায় পৌঁছাতে হবে এবং যৌথভাবে অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সংলাপ ও পারস্পরিক যোগাযোগ প্রয়োজন।
তিনি আরো বলেন, আমাদের একে অপরের সাথে হাত মিলিয়ে অঞ্চলকে শান্ত করতে হবে এবং ইসরাইলকে এত সহজে মুসলিম দেশগুলোতে আগ্রাসন চালানোর সুযোগ দেয়া উচিত নয়। আর এটি কেবল ঐক্যের ছায়ায় সম্ভব।
সূত্র : পার্সটুডে



