মার্কিন বাহিনী হরমুজে প্রবেশ করলে হামলা চালানো হবে : ইরান

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে তাদের ওপর হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে তাদের ওপর হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ পানিপথ দিয়ে জাহাজগুলোকে নিরাপত্তা দেয়া শুরু করার ঘোষণা দেয়ার পর, ইরানের সামরিক বাহিনী সোমবার (৪ মে) এ হুঁশিয়ারি দেয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেন, ‘যে কোনো বিদেশী সশস্ত্র বাহিনী- বিশেষ করে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসে বা এতে প্রবেশ করার চেষ্টা করে, তবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে ও হামলা চালানো হবে।’

তিনি বলেন, পারস্য উপসাগর ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিরাপত্তা ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে, যে কোনো নিরাপদ যাতায়াত অবশ্যই আমাদের বাহিনীর সাথে সমন্বয় করে করতে হবে।’

সূত্র: বাসস