নেতানিয়াহুর সফর ফাঁসের পর আবুধাবি-তেল আবিব সম্পর্কে তীব্র উত্তেজনা

সংযুক্ত আরব আমিরাতে বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত গোপন সফরের তথ্য ফাঁস হওয়ায় আবুধাবি ও তেল আবিবের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের খবর জনসমক্ষে চলে আসায় আবুধাবি ও তেল আবিবের মধ্যে সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এই তথ্য জানা গেছে।

ইরানের সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইসরাইলের ‘আই২৪’ নেটওয়ার্ক জানিয়েছে যে এই সফর ফাঁসের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের কাছে একটি কড়া প্রতিবাদ বার্তা পাঠিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার তথ্য এভাবে ফাঁস হয়ে যাওয়ার কারণেই গত কয়েক বছরে দুবাই-তেল আবিব যোগাযোগের মাত্রা অনেক কমে গেছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত অবশ্য খুব দ্রুতই ইসরাইলি পক্ষের এই বক্তব্য অস্বীকার করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোনো ইসরাইলি কর্মকর্তা তাদের ভূখণ্ড সফর করেননি।

তবে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো গত কয়েক দিনে ইসরাইলি সেনাপ্রধানের আবুধাবিতে আরেকটি সফরের খবর ফাঁস করে দিয়ে এই আগুনে আরো ঘি ঢালার চেষ্টা করেছে। এই উত্তেজনা তখন আরো চরমে পৌঁছায় যখন ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাবি করা হয় যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের সময়েই বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন।