নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় দেশে রাখার প্রস্তাব দিয়েছে ইরান। দীর্ঘ ১০ সপ্তাহের যুদ্ধ শেষে উত্তেজনা প্রশমনে এই পদক্ষেপকে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের জবাবে তেহরান এমন প্রস্তাব দিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
তবে ইউরেনিয়াম সরিয়ে নেয়ার কথা বললেও নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি বন্ধ করার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।
নতুন এই প্রস্তাব অনুযায়ী, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একাংশ তরল করে ফেলবে এবং বাকি অংশ তৃতীয় একটি দেশে পাঠিয়ে দেবে।
তবে তেহরান শর্ত দিয়েছে, যদি আলোচনা ব্যর্থ হয় তবে ওই ইউরেনিয়াম অবশ্যই তাদের কাছে ফেরত দিতে হবে। এই পুরো প্রক্রিয়ার জন্য তারা শক্ত গ্যারান্টি চাইছে। একইসাথে পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার দাবিকে তেহরান এক কথায় অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে, একের পর এক নানা ঘটনায় সাময়িক যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিন্টে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মেনে নেয়ার ব্যাপারে তেহরান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি।
পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের অবস্থান এখনো বেশ দূরে। ইরান চায় অবিলম্বে যুদ্ধের অবসান এবং তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তারা স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা শেষ পর্যন্ত ইরানের হাতেই থাকতে হবে।
সূত্র : এনডিটিভি



