ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেয়ার প্রস্তাব পুতিনের

শনিবার মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময়ও রাশিয়া ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে গিয়েছিল। প্রয়োজনে এবারও একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রাশিয়া।

নয়া দিগন্ত অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় এনে সংরক্ষণের জন্য মস্কো প্রস্তুত রয়েছে।

শনিবার মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময়ও রাশিয়া ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে গিয়েছিল। প্রয়োজনে এবারও একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রাশিয়া।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর সাথে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) নজরদারির সুযোগ দিতে সম্মত হয়েছিল। এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে।

তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে সমঝোতাটি কার্যত ভেঙে পড়ে।

পুতিন বলেন, চলমান সঙ্কটের সাথে জড়িত পক্ষগুলো শুরুতে ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র শর্ত দেয়, সরানো ইউরেনিয়াম কেবল যুক্তরাষ্ট্রেই নেয়া হবে। এতে ইরানও কঠোর অবস্থান নেয়।

রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, মস্কো যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের সাথেই নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তার আশা, চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুতই শেষ হবে।

তবে পুতিনের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

সূত্র: আল জাজিরা