৪ শতাংশ বাড়ল তেলের দাম

সোমবার সকালে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১৬ ডলার বা ৪ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলার পর তেলের দাম বাড়তে থাকে। সোমবার (১১ মে) সকালে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১৬ ডলার বা ৪ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ৩৮ ডলার বা ৪ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে উভয় চুক্তিতেই সাপ্তাহিক ৬ শতাংশ লোকসান হয়েছিল। এর কারণ ছিল ১০ সপ্তাহ ধরে চলা সঙ্ঘাতের আসন্ন অবসানের আশা, যা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের অনুমতি দেবে। এ প্রণালীটি এখনো প্রায় বন্ধ রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সিইও আমিন নাসের রোববার বলেছেন, যুদ্ধের কারণে গত দুই মাসে বিশ্ব প্রায় এক বিলিয়ন ব্যারেল তেল হারিয়েছে। তেল সরবরাহ পুনরায় শুরু হলেও জ্বালানি বাজার স্থিতিশীল হতে সময় লাগবে।

সূত্র: আল জাজিরা