ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কোনো তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
একই সাথে ট্রাম্প জানান, চুক্তি সম্পন্ন, প্রত্যয়ন ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য আগের দিনের তুলনায় অনেকটাই সংযত। শনিবার দেয়া এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সাথে চুক্তি “মোটামুটি চূড়ান্ত” পর্যায়ে পৌঁছেছে।
রোববারের পোস্টে ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। তিনি ওই চুক্তিকে “যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি” এবং “ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি পথ” বলে উল্লেখ করেন।
তার ভাষায়, বর্তমান প্রশাসনের আলোচনায় থাকা সম্ভাব্য চুক্তিটি “ঠিক এর বিপরীত”।
ট্রাম্প লেখেন, “আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে। আমি আমার প্রতিনিধিদের তাড়াহুড়ো না করতে বলেছি, কারণ সময় এখন আমাদের পক্ষেই রয়েছে।”
তিনি আরো বলেন, “চুক্তি সম্পন্ন, প্রত্যয়ন ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো ভুল করা যাবে না।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক “অনেক বেশি পেশাদার ও ফলপ্রসূ” হয়ে উঠছে। তবে তিনি পুনরায় সতর্ক করে বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি কিংবা সংগ্রহ করতে পারবে না।
পোস্টের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ট্রাম্প। একই সাথে তিনি আব্রাহাম চুক্তিতে এখনও যোগ না দেয়া দেশগুলোকে এতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান। এমনকি ইরানও ভবিষ্যতে এই চুক্তিতে যোগ দিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
সূত্র: এএফপি, রয়টার্স



