ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নতুন করে পরিদর্শনের দাবি ভিত্তিহীন।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দু’দফা আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আমন্ত্রণ জানানো হবে বলে যে দাবি উঠেছে। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান।

শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, এই ধরনের খবর একেবারেই ভিত্তিহীন।

গত বৃহস্পতিবার যুদ্ধ থামানোর লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তার ৮ নম্বর ধারা অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হবে। তবে ১৩ নম্বর ধারা মেনে আলোচনার পূর্বশর্তগুলো পূরণ হলেই কেবল এই আলোচনা শুরু করা যাবে।

ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, সমঝোতা স্মারকের ৯ নম্বর ধারা অনুযায়ী ৬০ দিনের এই অন্তর্বর্তী সময়ে ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা যেমন আছে তেমনই বজায় থাকবে। বুশেহরের মতো যেসব কেন্দ্রে আগে থেকেই নিয়মিত পরিদর্শন চলছে, সেগুলো আগের নিয়মেই চালু থাকবে। কিন্তু মার্কিন-ইসরাইলি আগ্রাসনের কারণে যেসব কেন্দ্রে আইএইএর প্রবেশাধিকার স্থগিত করা হয়েছিল, সেগুলোতে নতুন করে পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণভাবে আগামী দিনের আলোচনা ও তার ফলাফলের ওপর নির্ভর করছে।

অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মার্কিন কংগ্রেসের জাতীয় নিরাপত্তা কমিটির নেতাদের সামনে দাবি করেছিলেন, ইরান তাদের পরমাণু কেন্দ্র পরিদর্শনের জন্য আইএইএকে আমন্ত্রণ জানাবে এবং তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ দিতে কাজ শুরু করবে।

সূত্র : প্রেসটিভি