যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী

‘পাকিস্তারে মন্ত্রী মোহসিন নাকভি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন।’

নয়া দিগন্ত অনলাইন
মোহসিন নাকভি
মোহসিন নাকভি |সংগৃহীত

স্থবির হয়ে পড়া যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে ‘সহযোগিতা’ করার লক্ষ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (১৬ মে) তেহরানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

তাসনিম বার্তা সংস্থার বরাতে তেহরান থেকে এএফপি জানায়, ‘পাকিস্তারে মন্ত্রী মোহসিন নাকভি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন।’

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি নাকভিকে স্বাগত জানান। এর কয়েক দিন আগেই পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেন।

ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসে পাকিস্তান উভয় পক্ষের প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে।

গত ৮ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতির ফলে মূলত সঙ্ঘাত থেমে আছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে সঙ্ঘাত শুরু হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেন, তেহরান ওয়াশিংটনের কাছ থেকে এমন বার্তা পেয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ মঙ্গলবার বলেন, ওয়াশিংটনকে তেহরানের শান্তি প্রস্তাব মেনে নিতে হবে, নতুবা ‘ব্যর্থতার’ মুখোমুখি হতে হবে। ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এবং যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করার পর তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে কালিবাফ বলেন, ‘১৪ দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে; একের পর এক ব্যর্থতা ছাড়া কিছুই বয়ে আনবে না।’ বাসস