ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

ইসরাইল জানিয়েছে, তারা রাতভর লেবাননে হিজবুল্লাহর রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তারা ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট ছুড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো
লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো |সংগৃহীত

রাতভর ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইসরাইল লেবাননে বিমান হামলা চালিয়েছে, আর হিজবুল্লাহ রকেট নিক্ষেপ করেছে যার ফলে তেল আবিবসহ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়।

ইরান-যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন পড়বে কি-না, এই বিতর্কিত বিষয়টি পাকিস্তানে নির্ধারিত শান্তি আলোচনার আগে নতুন করে উত্তেজনা তৈরি করছে।

ইসরাইল জানিয়েছে, তারা রাতভর লেবাননে হিজবুল্লাহর রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তারা ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট ছুড়েছে।

এই সংঘর্ষের ঘটনা ঘটছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছিল, লেবাননে ইসরাইল তাদের কার্যক্রম আরো ‘সংযত’ রাখবে।

অনেকের মতে, এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরো সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার ইসরাইলের হামলায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে নিজের দেশ ও তার মিত্রদের পক্ষে প্রতিশোধ নেয়ার অধিকার তিনি সংরক্ষণ করে রাখছেন।

এতে লেবাননের হিজবুল্লাহর কথাও ইঙ্গিত করা হয়েছে, যে গোষ্ঠীকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আওতায় পড়ে না বলে দাবি করে আসছে।

সূত্র: বিবিসি